জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্য সামনে রেখে এবার উদ্‌যাপন করা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬। বিশ্ববিদ্যালয় দিবসটি প্রতিষ্ঠানটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীও। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালির আয়োজন করা হয়। পরে কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টসহ দিনব্যাপী নানা আয়োজন রাখা হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা রয়েছে। সন্ধ্যায় সংগীত পরিবেশন করার কথা নগরবাউল জেমসের।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, বিএনসিসি, রোভার স্কাউট ও শিক্ষার্থী সংগঠনগুলোর প্রতিনিধিরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। সন্ধ্যার কনসার্টে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দীর্ঘ শিক্ষাপ্রতিষ্ঠানিক ইতিহাস ও ঐতিহ্য বহন করছে। ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।