ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দিতে ‘অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠা করা হয়েছে। বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরীর উদ্যোগে ১৫ লাখ টাকার এই তহবিল গঠন করা হয়।
রোববার (১৮ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসসংলগ্ন সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ট্রাস্ট ফান্ডের জন্য ১৫ লাখ টাকার একটি চেক গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরীর পক্ষে চেকটি হস্তান্তর করেন মুহিত আনোয়ার চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতিবছর নৃবিজ্ঞান বিভাগের বি.এস.এস. (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অথবা নম্বর অর্জনকারী একজন শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক’ দেওয়া হবে।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই উদ্যোগের জন্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের ট্রাস্ট ফান্ড মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের মধ্যে ইতিবাচক একাডেমিক প্রতিযোগিতা গড়ে তুলতে সহায়তা করে।
অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং পড়াশোনা ও গবেষণায় আরও ভালো ফল অর্জনে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নতুন এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে তাঁর নামে প্রতিবছর বিভাগের একজন শিক্ষার্থীর একাডেমিক সাফল্যকে স্বীকৃতি দেওয়া হবে।









