শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা জোরদার এবং উচ্চশিক্ষাকে কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে আগামী ২২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের (ইউআইএ) যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারের শিরোনাম ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’।

আগামী ২২ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজনের কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সেমিনারের প্রস্তুতি ও আয়োজনসংক্রান্ত বিষয় নিয়ে সোমবার (১৯ অক্টোবর) উপাচার্যের কার্যালয়সংলগ্ন সভাকক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সভায় অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রস্তুতি সভায় জানানো হয়, সেমিনারে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর।

এ ছাড়া সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন ইউআইএর সভাপতি অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

সোমবারের প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, গ্রাফিক্স ডিজাইন বিভাগের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল অফিসের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মুস্তাক ইবনে আয়ূব এবং হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সঙ্গে শিল্প খাতের বাস্তব চাহিদার সংযোগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। বিশেষ গুরুত্ব পাবে যৌথ গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সম্ভাব্য অংশীদারত্ব।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণের কথা রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এই সেমিনার উচ্চশিক্ষা ও শিল্প খাতের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জন এবং গবেষণার ফলাফল শিল্প খাতে কাজে লাগানোর বিষয়ে নতুন আলোচনার সুযোগ তৈরি করবে।