যুক্তরাজ্যে এ বছর রেকর্ডসংখ্যক ১৮ বছর বয়সী তরুণ উচ্চশিক্ষার সুযোগ লাভ করেছেন। ইউসিএএস (UCAS)-এর লেভেল ৩ রেজাল্ট ডে-এর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, মোট ২,৬২,৮২০ জন তরুণ স্নাতক পর্যায়ে বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ার যোগ্যতা অর্জন করেছেন। এই ঐতিহাসিক সাফল্যকে স্বাগত জানিয়ে অভিনন্দন ও দিকনির্দেশনামূলক বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর অভিভাবক সংস্থা ‘ইউনিভার্সিটিজ ইউকে’ (Universities UK)।

ফলাফল প্রকাশের দিনে ইউনিভার্সিটিস ইউকে-এর প্রধান নির্বাহী ভিভিয়ান স্টার্ন এমবিই (Vivienne Stern MBE) কৃতকার্য সকল শিক্ষার্থী, তাদের শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন যে, শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়, শিক্ষানবিশ কর্মসূচি (Apprenticeship) কিংবা জীবনের অন্য যেকোনো পথেই তারা পা বাড়ান না কেন, এই অর্জন নিয়ে তাদের প্রত্যেকেরই গর্বিত হওয়া উচিত।

দিনটি হাজার হাজার শিক্ষার্থীর জীবনে এক রোমাঞ্চকর নতুন অধ্যায়ের সূচনা করল। এ বছর রেকর্ডসংখ্যক তরুণ ভর্তি হওয়ার পাশাপাশি অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর (Disadvantaged Backgrounds) শিক্ষার্থীদের অংশগ্রহণেও বড় বৃদ্ধি দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করে শিক্ষার্থীরা যে নতুন দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করবেন, তা কেবল তাদের পেশাগত জীবনকেই সমৃদ্ধ করবে না, বরং জীবনের প্রতিটি ধাপে তাদের আজীবন সুবিধা দেবে।

যাদের পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি, তাদের একদম প্যানিক বা হতাশ না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ পথ এখানেই শেষ নয়:

ক্লিয়ারিং ব্যবস্থা (Clearing): এখনো ইউসিএএস-এর ক্লিয়ারিং প্রক্রিয়ার অধীনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৬,০০০ কোর্সে ভর্তির সুযোগ খালি রয়েছে।

সরাসরি সহায়তার সুযোগ: ইউসিএএস (UCAS)-এর অফিশিয়াল পোর্টাল অথবা সরাসরি পছন্দসই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত পরামর্শ ও সহযোগিতা নিতে পারেন।

সঠিক দিকনির্দেশনা ও সদিচ্ছা থাকলে যেকোনো পরিস্থিতির মধ্য দিয়েই তরুণেরা নিজেদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারেন, ইউনিভার্সিটিজ ইউকে-এর এই অভিনন্দন বার্তা সেটিই পুনর্ব্যক্ত করে।