শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানে নবম ও দশম গ্রেডের বিভিন্ন পদে মোট ২৭৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।

গত বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ১২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। একজন প্রার্থী নবম গ্রেডের একটি এবং দশম গ্রেডের একটি পদসহ সর্বোচ্চ দুটি পদে আবেদন করার সুযোগ পাবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম গ্রেডে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে ২২ জন, নিরাপত্তা কর্মকর্তা পদে ৩ জন, হিসাব কর্মকর্তা বা অর্থ কর্মকর্তা পদে ২৫ জন, সহকারী প্রোগ্রামার পদে ৩ জন এবং সহকারী ব্যবস্থাপক (ক্রয়/বিক্রয়) পদে ১৫ জন নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন) পদে ৬২ জন, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা পদে ১৩ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ১৮ জন এবং সহকারী প্রকৌশলী (পুর) পদে ৩ জন নেওয়া হবে।

দশম গ্রেডের পদগুলোর মধ্যে রয়েছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে ১২ জন, সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে একজন, সহকারী হিসাব কর্মকর্তা বা সহকারী অর্থ কর্মকর্তা পদে ৩১ জন, সহকারী অপারেশন অফিসার পদে ৩ জন এবং সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদে ১৯ জন। পাশাপাশি উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী (রসায়ন) পদে ৪১ জন এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা পদভেদে ভিন্ন হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর, স্নাতক (সম্মান), বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, বিএসসি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

নবম গ্রেডের প্রশাসন, নিরাপত্তা, হিসাব ও অর্থ, সহকারী প্রোগ্রামার এবং ক্রয়-বিক্রয়সংক্রান্ত পদগুলোর ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে চার পয়েন্ট স্কেলে সিজিপিএ ২ দশমিক ৭৫ এবং পাঁচ পয়েন্ট স্কেলে জিপিএ ৩ দশমিক ৫০-এর নিচে গ্রহণযোগ্য হবে না।

অন্যদিকে নবম গ্রেডের প্রকৌশল, রসায়ন ও কারিগরি পদের জন্য ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ০০ এবং জিপিএ ৪ দশমিক ০০ থাকতে হবে। দশম গ্রেডের সব পদের ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ ২ দশমিক ২৫ এবং জিপিএ ২ দশমিক ৭৫ নির্ধারণ করা হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তা ও সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৮ বছর। এসব পদে সংশ্লিষ্ট অভিজ্ঞতাও প্রয়োজন হবে। অন্যান্য পদের বয়স ও শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত শর্ত মূল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রযোজ্য হবে।

নির্বাচিত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নির্ধারিত বেতন ও ভাতা পাবেন। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের পদায়ন করা কর্মস্থলে ন্যূনতম তিন বছর চাকরি করতে হবে।

আগ্রহী প্রার্থীদের বিসিআইসির নির্ধারিত টেলিটক ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন সফলভাবে জমা দেওয়ার পর একটি ইউজার আইডি দেওয়া হবে। ওই আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

সার্ভিস চার্জসহ সাধারণ প্রার্থীদের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ২২৩ টাকা। অনগ্রসর প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা এবং ফি পরিশোধ সম্পন্ন না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। তাই আবেদনকারীদের শেষ সময়ের অপেক্ষা না করে প্রয়োজনীয় তথ্য যাচাই করে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।