যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ করে পেশাগত ও সামাজিক ক্ষেত্রে অবদান রাখা প্রাক্তন শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর)। বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে।

গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে যুক্তরাজ্যের স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করা যোগ্য প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ দেশ, সমাজ কিংবা কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছেন, এমন ব্যক্তিদের সাফল্য তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য।

ব্রিটিশ কাউন্সিলের তথ্য অনুযায়ী, এবারের পুরস্কার দেওয়া হবে চারটি বিভাগে। এগুলো হলো জ্ঞান ও টেকসই উন্নয়ন (Science and Sustainability), সংস্কৃতি, সৃজনশীলতা ও ক্রীড়া (Culture, Creativity and Sport), সামাজিক উদ্যোগ (Social Action) এবং ব্যবসা ও উদ্ভাবন (Business and Innovation)।

বিজ্ঞান, পরিবেশ, স্বাস্থ্য, প্রকৌশল, শিল্প, সংস্কৃতি, শিক্ষা, সমাজকল্যাণ, উদ্যোক্তা কার্যক্রম ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রাক্তন শিক্ষার্থীরা নিজ নিজ কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভাগে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতার ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, প্রার্থীকে বর্তমানে যুক্তরাজ্যের বাইরে বসবাস করতে হবে। পাশাপাশি ২০১১ থেকে ২০২৬ সালের মধ্যে যুক্তরাজ্যের স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি পর্যায়ে বা তার ওপরে অন্তত এক সেমিস্টার পড়াশোনা করে থাকতে হবে। নিজ দেশে অবস্থান করে স্বীকৃত ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ডিগ্রি অর্জনকারীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

এ পুরস্কারের মাধ্যমে শুধু জাতীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের কাজ তুলে ধরার সুযোগ পাবেন নির্বাচিত প্রার্থীরা। বৈশ্বিক পর্যায়ের বিজয়ীরা যুক্তরাজ্যে বিশেষ পেশাগত নেটওয়ার্কিং সফরে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেখানে নিজেদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ থাকবে।

আবেদন গ্রহণ শেষে অক্টোবর ও নভেম্বর মাসে প্রাথমিক বাছাই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের জানুয়ারিতে চূড়ান্ত প্রতিযোগীদের নাম ঘোষণার পাশাপাশি বাংলাদেশে জাতীয় পর্যায়ের পুরস্কার প্রদান অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করেছে ব্রিটিশ কাউন্সিল।

এর আগে স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডসে বিশ্বের বিভিন্ন দেশের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। গত আসরে প্রায় ১০০টি দেশের ১ হাজার ৩০০ আবেদনকারী অংশ নেন। তাঁদের শিক্ষাজীবন যুক্তরাজ্যের ১৩০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল।

ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, যোগ্য আবেদনকারীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের বিস্তারিত শর্ত, বিভাগ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।