যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ কেবল একটি ডিগ্রি অর্জনের বিষয় নয়, বরং এটি আপনার উজ্জ্বল ভবিষ্যতের একটি বড় বিনিয়োগ। বিশ্বমানের শিক্ষাব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ার তুলনায় যুক্তরাজ্যের শিক্ষা কার্যক্রমকে অত্যন্ত সাশ্রয়ী ও অর্থ উশুলের (Value for money) মাধ্যম মনে করা হয়।


যুক্তরাজ্য থেকে পড়াশোনা সম্পন্ন করা গ্র্যাজুয়েটরা বৈশ্বিক চাকুরির বাজারে অত্যন্ত চাহিদাসম্পন্ন। তথ্য অনুযায়ী, প্রতি ১০ জন আন্তর্জাতিক শিক্ষার্থীর মধ্যে ৭ জনই মনে করেন যুক্তরাজ্যে পড়ালেখার কারণে তারা কর্মক্ষেত্রে দ্রুত পদোন্নতি পাচ্ছেন এবং অন্যদের চেয়ে বেশি উপার্জনের সুযোগ তৈরি করতে পেরেছেন। 


তবে বিদেশের মাটিতে এত বড় একটি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে কোর্স ফি এবং জীবনযাত্রার আনুষঙ্গিক খরচের একটি সঠিক বাজেট তৈরি করা অত্যন্ত জরুরি।


টিউশন ফি কেমন হতে পারে?


যুক্তরাজ্যে কোর্স ফি নির্ভর করে আপনি কোন বিষয়ে পড়ছেন, পড়ালেখার স্তর কী এবং প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের কোন অঞ্চলে অবস্থিত তার ওপর। সাধারণত মানবিক ও সমাজবিজ্ঞান বিষয়ের কোর্স ফি কিছুটা কম হয়ে থাকে, তবে বিজ্ঞান ও ক্লিনিক্যাল বা ল্যাবভিত্তিক বিষয়গুলোর খরচ সবচেয়ে বেশি।


  • আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) ডিগ্রি: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যায়ে বার্ষিক টিউশন ফি সাধারণত ১১,৪০০ থেকে ৩৮,০০০ পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে স্নাতক ডিগ্রি ৩ বছর মেয়াদী হলেও স্কটল্যান্ডে এটি সাধারণত ৪ বছরের হয়ে থাকে।


  • পোস্টগ্র্যাজুয়েট (স্নাতকোত্তর) ডিগ্রি: স্নাতকোত্তর পর্যায়ে টিউশন ফি সাধারণত ৯,০০০ থেকে ৩০,০০০ পাউন্ডের মধ্যে থাকে। যুক্তরাজ্যের স্নাতকোত্তর ডিগ্রির অন্যতম বড় সুবিধা হলো অনেক বিষয়ই মাত্র ১ বছরে শেষ করা যায়। এতে করে পড়ালেখার খরচ যেমন কমে আসে, তেমনি শিক্ষার্থীরা দুই বছরের প্রথাগত ডিগ্রির চেয়ে দ্রুত কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার সুযোগ পান।


বিশ্ববিদ্যালয় ও কোর্সভেদে টিউশন ফি পরিবর্তিত হয়, তাই চূড়ান্ত আবেদনের আগে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ফি যাচাই করে নেওয়া বুদ্ধিমত্তার কাজ।


পড়াশোনার পাশাপাশি যুক্তরাজ্যে থাকার স্থান ও জীবনযাত্রার খরচের বিষয়টি বাজেট করার সময় মাথায় রাখা দরকার।


  • লন্ডন শহর: আন্তর্জাতিক শিক্ষার্থীরা যদি লন্ডনের ভেতরের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন, তবে থাকার জায়গা, খাবারের বিল, যাতায়াত ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে মাসে আনুমানিক ১,৩০০ থেকে ১,৪০০ পাউন্ড প্রয়োজন হতে পারে।

  • লন্ডনের বাইরে অন্যান্য শহর: লন্ডনের বাইরে অবস্থিত শহরের ক্ষেত্রে এই জীবনযাত্রার ব্যয় কিছুটা কম এবং তা মাসে আনুমানিক ৯০০ থেকে ১,৩০০ পাউন্ডের মধ্যে থাকে।


প্রয়োজনীয় বাজেট ও সঠিক তথ্যের ওপর ভর করে সিদ্ধান্ত নিলে যুক্তরাজ্যে আপনার শিক্ষা অর্জনের যাত্রা হতে পারে মসৃণ ও সফল।