ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ইসলামী ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদ। সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, স্মারকলিপিতে ব্যাংকের আমানত সুরক্ষা, সুশাসন নিশ্চিত করা এবং গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

লন্ডনে আয়োজিত এ কর্মসূচিতে ইসলামী ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদের আহ্বায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মুর্তজা সিআইপি, সাধারণ সম্পাদক সুমন মাহমুদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে ইসলামী ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে বাইরে চলে যাওয়া অর্থ উদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া, ব্যাংকের স্বার্থ ও গ্রাহকদের আমানত সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং একটি স্বাধীন ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানানো হয়েছে।

এর আগে জুলাইয়ে লন্ডনে এক সংবাদ সম্মেলনেও ইসলামী ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদের পক্ষ থেকে স্বাধীন পরিচালনা পর্ষদ, প্রকৃত মালিকানা ও স্বচ্ছতা নিশ্চিত করা, অতীতের অনিয়ম তদন্ত, প্রবাসীদের জন্য নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা এবং পরিচালনা পর্ষদে অন্তত একজন যোগ্য প্রবাসী পরিচালক নিয়োগসহ একাধিক দাবি জানানো হয়েছিল।

স্মারকলিপিতে আরও বলা হয়, ইসলামী ব্যাংকের কার্যক্রমকে রাজনৈতিক ও করপোরেট প্রভাবমুক্ত রেখে শরিয়াহভিত্তিক ব্যাংকিং নীতিমালার আলোকে পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে প্রবাসীদের রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রা হিসাব ও অন্যান্য ব্যাংকিং সেবা যেন কোনো ধরনের সংকটে ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

গ্রাহক পরিষদের নেতৃবৃন্দের ভাষ্য, ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। তারা স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা জানিয়েছেন।

ইসলামী ব্যাংক নিয়ে গ্রাহকদের দাবির বিষয়টি বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে আলোচনায় রয়েছে। জুনে সচেতন গ্রাহক ফোরাম ব্যাংকের পরিচালনা পর্ষদ, মালিকানা, অনিয়মের তদন্ত এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষার দাবিতে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছিল।

প্রবাসী গ্রাহক পরিষদের নতুন এই কর্মসূচির মাধ্যমে ইসলামী ব্যাংকের সুশাসন, আমানতের নিরাপত্তা এবং প্রবাসীদের ব্যাংকিং অধিকার নিয়ে তাদের দাবিগুলো আবারও সামনে এসেছে।