ব্যাংকিং সেবা নিতে গিয়ে বারবার একই তথ্য দেওয়া কিংবা একটি কাজ শেষ করতে একাধিকবার শাখায় যাওয়ার প্রয়োজন কমাতে নতুন সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। ‘ওমনিচ্যানেল ব্যাংকিং’ নামের এই ব্যবস্থায় গ্রাহকেরা ব্যাংকের একটি মাধ্যমে কাজ শুরু করে অন্য মাধ্যমে গিয়ে তা চালিয়ে নিতে বা সম্পন্ন করতে পারবেন।
রোববার (১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্র্যাক ব্যাংকের দাবি, বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের সমন্বিত ওমনিচ্যানেল ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে তারা। ব্যাংকটির ২৫ বছর পূর্তি উপলক্ষে নতুন উদ্যোগটি সামনে আনা হয়েছে।
নতুন ব্যবস্থায় ব্যাংকের শাখা ও উপশাখা, কল সেন্টার, এজেন্ট ব্যাংকিং এবং ডিজিটাল মাধ্যমকে একটি সমন্বিত সেবাব্যবস্থার আওতায় আনা হয়েছে। ফলে কোনো গ্রাহক মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে হিসাব খোলার আবেদন শুরু করলে পরে শাখায় গিয়ে তা সম্পন্ন করতে পারবেন। একইভাবে ঋণ বা ক্রেডিট কার্ডের আবেদন এক মাধ্যমে শুরু করে অন্য মাধ্যমে চালিয়ে নেওয়া যাবে।
আবেদনপ্রক্রিয়া মাঝপথে বন্ধ হয়ে গেলেও আগের সম্পন্ন করা ধাপ থেকে আবার কাজ শুরু করা সম্ভব হবে। গ্রাহককে নতুন করে সব তথ্য দেওয়া বা পুরো আবেদনপ্রক্রিয়া শুরু করতে হবে না। ব্যাংকের কর্মকর্তারাও গ্রাহকের আগের যোগাযোগ ও আবেদনের অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন। এতে সেবা নিতে গিয়ে একই তথ্য বারবার জানানোর ঝামেলা কমবে বলে জানিয়েছে ব্যাংকটি।
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, নতুন ব্যবস্থায় গ্রাহকদের সেবা পেতে বারবার ব্যাংকে আসা, ডিজিটাল মাধ্যমে আবেদন করা কিংবা কল সেন্টারে যোগাযোগ করার প্রয়োজন কমবে। একবার যোগাযোগের পর গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সেবা দেওয়ার জন্য ব্যাংকের বিভিন্ন বিভাগকে প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের প্রাপ্তবয়স্ক মানুষের ৭২ শতাংশ এখনো ব্যাংকিং সেবার বাইরে রয়েছেন। তাঁদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। তাঁর ভাষ্য অনুযায়ী, ব্যাংকে আসা ১০ জন গ্রাহকের মধ্যে বিভিন্ন কারণে আটজনই সেবা না নিয়ে ফিরে যান। নতুন ব্যবস্থার মাধ্যমে গ্রাহকের প্রয়োজন বুঝে সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, আধুনিক প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ এবং ব্যক্তিকেন্দ্রিক সহায়তার সমন্বয়ে গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে সেবা সহজ করার পাশাপাশি গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে ব্যাংকটির।
ব্যাংকটির তথ্য অনুযায়ী, তাদের ৩১২টি শাখা ও উপশাখা, ১ হাজার ১০০টির বেশি এজেন্ট আউটলেট, কল সেন্টার এবং দুটি ডিজিটাল মাধ্যম—মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। স্মার্টফোন ব্যবহার না করেও শাখা বা কল সেন্টারের সহায়তায় গ্রাহকেরা এ ব্যবস্থার সুবিধা নিতে পারবেন।
এ সেবা ব্যবহারের জন্য আলাদা কোনো ওমনিচ্যানেল চার্জ দিতে হবে না বলে জানিয়েছে ব্র্যাক ব্যাংক। তবে সংশ্লিষ্ট ব্যাংকিং পণ্য বা সেবার প্রচলিত ফি ও চার্জ বহাল থাকবে। গ্রাহকদের সহায়তায় সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা নির্ধারিত সহায়তা ব্যবস্থাও রাখা হয়েছে।
ব্যাংকিং খাতে ডিজিটাল সেবার ব্যবহার বাড়লেও বিভিন্ন মাধ্যমে কাজ করতে গিয়ে তথ্য পুনরায় দেওয়া, আবেদনপ্রক্রিয়া নতুন করে শুরু করা এবং একাধিকবার যোগাযোগের মতো সমস্যায় পড়েন অনেক গ্রাহক। ব্র্যাক ব্যাংকের নতুন উদ্যোগ এসব ভোগান্তি কতটা কমাতে পারে, তা নির্ভর করবে সব চ্যানেলে সেবার মান, তথ্যের নিরাপত্তা এবং বাস্তবায়নের ওপর।




