দেশের বিনিয়োগসেবা আরও সহজ, দ্রুত ও সমন্বিত করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন ‘Invest Bangladesh Authority’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষ (PPPA) একীভূত করে গঠিত এই কর্তৃপক্ষ ২৩ আগস্ট থেকে কার্যক্রম শুরু করে।
এর আগে Invest Bangladesh Act, 2026-এর গেজেট প্রকাশের মাধ্যমে ২০ আগস্ট আইনটি কার্যকর হয়। এরপর প্রথম কার্যদিবস ২৩ আগস্ট নতুন কর্তৃপক্ষের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয় এবং নতুন ব্র্যান্ড পরিচয়ও উন্মোচন করা হয়।
নতুন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করবে। বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সুযোগ, অনুমোদন, নিবন্ধন, সরকারি সেবা এবং নীতিগত সহায়তাকে আরও সমন্বিত কাঠামোর আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় অর্থনৈতিক অঞ্চল, মুক্ত বাণিজ্য অঞ্চল এবং অন্যান্য ঘোষিত শিল্পাঞ্চলকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্বের প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া সহজ করার ব্যবস্থাও আইনে রাখা হয়েছে, বিশেষ করে ছোট প্রকল্পের ক্ষেত্রে।
Invest Bangladesh-এর অধীনে বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল সেবার ব্যবস্থাও চালু থাকবে। BanglaBiz প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসায়িক লাইসেন্স ও বিভিন্ন অনুমোদন অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে পাওয়ার ব্যবস্থা আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে।
নতুন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, Invest Bangladesh Act, 2026-এর ৪ ধারার ৫ উপধারার অধীনে এই নিয়োগ দেওয়া হয়েছে।
Invest Bangladesh-এর চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এই উদ্যোগের লক্ষ্য শুধু তিনটি প্রতিষ্ঠানকে একীভূত করা নয়; বরং বিনিয়োগকারীদের প্রয়োজনকে কেন্দ্র করে সরকারি সেবার কাঠামোকে আরও কার্যকর করা। বিনিয়োগের পুরো প্রক্রিয়ায় দায়িত্ব ও সমন্বয় স্পষ্ট করাও নতুন ব্যবস্থার উদ্দেশ্য।
সরকারের প্রত্যাশা, বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতি কমিয়ে একক কাঠামোতে সেবা দেওয়ার ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়া আরও সহজ হবে। একই সঙ্গে অনুমোদন ও ব্যবসা শুরুর ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমিয়ে বাংলাদেশকে আরও বিনিয়োগবান্ধব করার উদ্যোগ জোরদার হবে।



