ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান। সোমবার (২ নভেম্বর) তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, গত ২৬ অক্টোবর এই আসনের উপনির্বাচনে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। পরদিন ২৭ অক্টোবর যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১ নভেম্বর বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আইন অনুযায়ী তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেন। এর আগে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান জানিয়েছিলেন, একক প্রার্থী থাকায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর আইন অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এই আসনটি শূন্য হয় গত ১ অক্টোবর। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হা/মলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি পদত্যাগ করেছেন বলে সে সময় জানানো হয়েছিল।
পরে ১২ অক্টোবর নির্বাচন কমিশন আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছিল। তবে বিএনপি ও জোটের পক্ষ থেকে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় এবং অন্য কোনো বৈধ প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।
জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে ৩০০টি আসনে সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকি ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল ও জোটের পাওয়া আসনের অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। কোনো আসন শূন্য হলে সংশ্লিষ্ট দল বা জোটের জন্য নির্ধারিত আসনের ভিত্তিতে আইন অনুযায়ী উপনির্বাচনের ব্যবস্থা করা হয়।
নির্বাচিত হওয়ার পর এলিজা জামানের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।




