কুষ্টিয়ায় জেলা বিএনপি আয়োজিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় সভাস্থলে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের দিশা টাওয়ারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয়।

পরে কয়েকজন নেতাকর্মী হট্টগোল ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় সভাস্থলের চেয়ার সরানোর ঘটনাও ঘটে। পরিস্থিতির কারণে কিছু সময়ের জন্য মতবিনিময় সভা বন্ধ থাকে।

পরে জেলা বিএনপির সিনিয়র নেতারা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশও উপস্থিত হয়।

ঘটনার বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি বলেন, ছাত্রদলের মধ্যে কোনো দুটি গ্রুপ নেই। কথাকাটাকাটির জের ধরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি সমাধানের জন্য কাজ করা হচ্ছে।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ বলেন, ছাত্রদলের স্লোগান নিয়ে নিজেদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। দলের সিনিয়র নেতারা উপস্থিত থেকে বিষয়টি দ্রুত সমাধান করেছেন।

তিনি বলেন, শুরুতে বিষয়টি তাদের নজরে আসেনি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

মতবিনিময় সভায় সৃষ্ট এই ঘটনা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।