দিনব্যাপী সফরে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার, ১ অক্টোবর সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে যাত্রা করে প্রধানমন্ত্রীর গাড়িবহর। তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তারেক রহমানের প্রথম ফেনী সফর। সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন—প্রথম পর্যায়’ প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এরপর দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে বেলা সাড়ে ১টায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সফরের পরবর্তী কর্মসূচি বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ফেনী সফর ঘিরে মুহুরী-কহুয়া প্রকল্পটিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। এর আগে পানিসম্পদমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ফেনী সফরে এসে প্রকল্পটির কাজের উদ্বোধন করবেন।
এদিকে ফেনীতে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং কার্যক্রমও প্রধানমন্ত্রীর সফরের সঙ্গে যুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদনে জানানো হয়েছে, এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মধ্যে কার্ড বিতরণের কার্যক্রম শুরু হবে।
সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে সড়কপথে ফেনী ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাত ৯টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।