রাজধানীর মিরপুরে চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নি/সংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর-১১ নম্বর এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে চলন্ত অবস্থায় থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাছির জানান, দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
এদিকে একই দিন মিরপুর-১ নম্বর এলাকায় আরেকটি যাত্রীবাহী বাসে অগ্নি/সংযোগের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও স্থানীয়দের ধাওয়ার মুখে জড়িতরা পালিয়ে যায়। এ ঘটনায়ও সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনার পর রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ পথগুলোতে যানবাহন ও সন্দেহজনক ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
