দুর্গাপূজার ছুটি শেষে নরসিংদী শহরের ভাড়া বাসায় ফিরে ৫০ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার খুঁজে পাননি সুখন চৌধুরী ও তাঁর পরিবার। তাঁদের অভিযোগ, বাসার আলমারি ভেঙে এসব টাকা ও গয়না নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুখন চৌধুরী।

নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। সুখন চৌধুরী প্রায় পাঁচ বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে সেখানে বসবাস করছেন। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের একটি ডাইং কারখানায় কাজ করেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে।

সুখন চৌধুরীর ভাষ্য, একটি ডাইং কারখানা করার পরিকল্পনা নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন তিনি। জমি বিক্রির ৫০ লাখ টাকা বাসার আলমারিতে রেখে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্গাপূজা উদ্‌যাপন করতে গ্রামের বাড়িতে যান। কারখানা কেনার বিষয়েও কথাবার্তা চূড়ান্ত হয়েছিল বলে জানান তিনি। কিন্তু ফিরে এসে দেখেন, টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার নেই।

সুখনের স্ত্রী পূরবী পণ্ডিত জানান, গত রোববার দুপুরে বাসায় তালা দিয়ে তাঁরা গ্রামের বাড়িতে যান। শুক্রবার রাত আটটার দিকে ফিরে এসে চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলতে পারেননি। পরে তালা কাটার পরও দরজা না খোলায় তাঁদের সন্দেহ হয়। বাসার পেছনে গিয়ে তাঁরা জানালার গ্রিল কাটা দেখতে পান।

স্থানীয়দের সহায়তায় জানালার গ্রিল দিয়ে ভেতরে প্রবেশ করেন সুখন। এরপর ফ্ল্যাটের দরজা খুললে পরিবারের সদস্যরা ঘরের আসবাব ও জামাকাপড় ছড়িয়ে-ছিটিয়ে থাকা এবং আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান। আলমারিতে রাখা টাকা ও স্বর্ণালংকারও পাওয়া যায়নি বলে জানান তাঁরা।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর আল মামুন জানান, ফ্ল্যাটে চু/রির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।