নারী ফুটবল টুর্নামেন্টের শেষ দুই কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি ও খুলনার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি। বুধবার (২৮ অক্টোবর) সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত দুটি ম্যাচেই ১-০ গোলের জয় পেয়েছে দল দুটি।
দিনের প্রথম ম্যাচে সিলেটের রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির মুখোমুখি হয় কলসিন্দুর ফুটবল একাডেমি। শুরু থেকেই দুই দলের মধ্যে চলে সমানে সমান লড়াই। প্রথমার্ধে একাধিক চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে পেনাল্টি পায় কলসিন্দুর। সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান ফরোয়ার্ড আকলিমা আক্তার। শেষ পর্যন্ত তাঁর একমাত্র গোলেই জয় নিশ্চিত করে ময়মনসিংহের দলটি। ম্যাচসেরার পুরস্কারও পান আকলিমা।
দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বগুড়ার রক্সি ফুটবল একাডেমির বিপক্ষে মাঠে নামে খুলনার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি। ম্যাচের ২৩ মিনিটে রক্সির রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে প্লেসিং শটে গোল করেন তেঁতুলতলার ফরোয়ার্ড রিতু শিকদার।
পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় বগুড়ার দলটি। তবে প্রতিপক্ষের চাপ সামলে নিজেদের এক গোলের ব্যবধান ধরে রাখে তেঁতুলতলা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সেমিফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠেন খুলনার ফুটবলাররা।
জয়সূচক গোলের পাশাপাশি দারুণ পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কার পান রিতু শিকদার। চলতি টুর্নামেন্টে এটি তাঁর দ্বিতীয় ম্যাচসেরার স্বীকৃতি। এর আগে চুয়াডাঙ্গার মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমির বিপক্ষে তেঁতুলতলার ৩-১ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন তিনি।
এদিন দুই ম্যাচের সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের সাফজয়ী নারী দলের তিন কোচ গোলাম রব্বানী, মাহবুবুর রহমান ও মাহমুদা আক্তার।
এর আগে মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম দুই কোয়ার্টার ফাইনালে সেমিফাইনাল নিশ্চিত করে টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি ও রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমি।
টাঙ্গাইলের দলটি ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারায়। অন্যদিকে কুষ্টিয়া ফুটবল একাডেমির বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পায় রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমি।
চার দলের সেমিফাইনাল লড়াই অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর), একই মাঠে। সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি ও রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমি।
সকাল ১১টায় দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি ও খুলনার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি।
চার দলের মধ্যে কোন দুটি ফাইনালের টিকিট নিশ্চিত করবে, তা নির্ধারণ হবে বৃহস্পতিবারের দুই ম্যাচে।




