লিওনেল মেসি: ছোট্ট এক জাদুকরের বিশ্বজয়ের মহাকাব্য একটি ছোট্ট ছেলে-শারীরিকভাবে অন্যদের তুলনায় দুর্বল, কিন্তু চোখজুড়ে অসীম স্বপ্ন। মাত্র ১১ বছর বয়সে ধরা পড়ে তার শরীরে গ্রোথ হরমোনের ঘাটতি। চিকিৎসা ছিল ব্যয়বহুল, ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। অনেকেই হয়তো ভেবেছিলেন, ছেলেটির ফুটবলার হওয়ার স্বপ্ন এখানেই শেষ। কিন্তু সেই ছেলেটিই একদিন ফুটবল হাতে নয়, পায়ে নিয়ে জয় করলেন গোটা পৃথিবী। তাঁর নাম-লিওনেল আন্দ্রেস মেসি। আজ মেসি কেবল একজন ফুটবলারের নাম নয়; তিনি সংগ্রাম, ধৈর্য, বিনয় এবং অসম্ভবকে সম্ভব করার এক জীবন্ত প্রতীক।
রোজারিও থেকে বার্সেলোনা: স্বপ্নের প্রথম যাত্রা ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন মেসি। ছোটবেলা থেকেই ফুটবল যেন কথা বলত তাঁর পায়ে। কিন্তু শারীরিক সমস্যার চিকিৎসার ব্যয় বহন করা তাঁর পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়ে। ঠিক তখনই তাঁর জীবনে আসে এফসি বার্সেলোনা। মাত্র ১৩ বছর বয়সে পরিবার ছেড়ে স্পেনে পাড়ি জমান তিনি। একটি কাগজের ন্যাপকিনে লেখা চুক্তির মধ্য দিয়ে শুরু হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটি। বার্সেলোনার বিখ্যাত 'লা মাসিয়া' একাডেমিতে বেড়ে ওঠা সেই লাজুক ছেলেটি পরবর্তী সময়ে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, সর্বাধিক ট্রফিজয়ী খেলোয়াড় এবং সবচেয়ে উজ্জ্বল প্রতীকে পরিণত হন।
বার্সেলোনায় এক অতুলনীয় সাম্রাজ্য বার্সেলোনার হয়ে মেসি জয় করেন ৩৫টি বড় ট্রফি। এর মধ্যে রয়েছে ১০টি লা লিগা, চারটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, সাতটি কোপা দেল রে, আটটি স্প্যানিশ সুপার কাপ, তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং তিনটি উয়েফা সুপার কাপ। কিন্তু সংখ্যাগুলো দিয়ে কি সত্যিই মেসিকে বোঝা সম্ভব? তাঁর প্রতিটি ড্রিবল ছিল যেন একেকটি কবিতা। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করা, অসম্ভব কোণ থেকে বল জালে পাঠানো কিংবা নিখুঁত একটি পাসে সতীর্থের জন্য গোলের পথ খুলে দেওয়া—সবকিছুতেই ছিল শিল্পীর ছোঁয়া। ২০০৯ সালে পেপ গার্দিওলার বার্সেলোনা এক বছরে ছয়টি ট্রফি জিতে ইতিহাস সৃষ্টি করে। সেই ঐতিহাসিক দলের প্রাণকেন্দ্রে ছিলেন মেসি। ২০১৫ সালে বার্সেলোনাকে আবারও 'ট্রেবল' জেতানোর পেছনেও ছিল তাঁর অসামান্য অবদান। বার্সেলোনার জার্সিতে তিনি শুধু ম্যাচ জেতেননি-তিনি একটি প্রজন্মকে ফুটবলের প্রেমে পড়তে বাধ্য করেছেন।
দেশের হয়ে ব্যর্থতার যন্ত্রণা ক্লাব ফুটবলে সবকিছু জিতলেও জাতীয় দলের হয়ে মেসির পথ ছিল অত্যন্ত কঠিন। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে পরাজয়, এরপর ২০১৫ ও ২০১৬ সালে টানা দুটি কোপা আমেরিকা ফাইনালে হার-এসব ব্যর্থতা তাঁকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি মিস করার পর অশ্রুসিক্ত মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। সেই মুহূর্তটি ছিল কোটি ভক্তের হৃদয় ভেঙে যাওয়ার মুহূর্ত। নিজের দেশের মানুষের কাছ থেকেই তাঁকে শুনতে হয়েছে কঠোর সমালোচনা। অনেকে বলেছিলেন, "মেসি বার্সেলোনার হয়ে জিততে পারেন, কিন্তু আর্জেন্টিনার হয়ে পারেন না।" তাঁকে বারবার দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করা হয়েছে। তাঁর দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু প্রকৃত যোদ্ধারা পরাজয়ের জায়গাতেই থেমে থাকেন না।
ফিরে আসা এবং অভিশাপমুক্তির রাত ভক্তদের ভালোবাসা ও দেশের আহ্বানে মেসি আবারও জাতীয় দলে ফিরে আসেন। অপেক্ষা করতে হয় আরও কয়েক বছর। অবশেষে ২০২১ সালে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে আসে সেই বহু কাঙিক্ষত মুহূর্ত। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে মেসির প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি! শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মেসি হাঁটু গেড়ে বসে পড়েছিলেন। তাঁর চোখের পানি যেন বছরের পর বছর ধরে জমে থাকা কষ্ট, অপমান এবং অপেক্ষার ভাষা হয়ে উঠেছিল। সতীর্থরা তাঁকে আকাশে তুলে ধরেছিলেন। সেদিন শুধু আর্জেন্টিনাই জয়ী হয়নি-জয়ী হয়েছিল মেসির ধৈর্য ও ভালোবাসা। পরের বছর, ২০২২ সালে আর্জেন্টিনাকে ফিনালিসিমার শিরোপাও এনে দেন তিনি। কিন্তু তাঁর জীবনের সবচেয়ে বড় অধ্যায় তখনও লেখা বাকি ছিল।
কাতারের মরুভূমিতে বিশ্বজয় ২০২২ সালের কাতার বিশ্বকাপ শুরু হয়েছিল সৌদি আরবের বিপক্ষে অবিশ্বাস্য পরাজয়ের মধ্য দিয়ে। অনেকে তখনই আর্জেন্টিনার বিদায় দেখতে শুরু করেছিলেন। কিন্তু মেসি বলেছিলেন, "আমাদের ওপর বিশ্বাস রাখুন।" তারপর শুরু হলো এক রূপকথার যাত্রা। মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল, নেদারল্যান্ডসের বিপক্ষে উত্তেজনাপূর্ণ জয়, ক্রোয়েশিয়ার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স-প্রতিটি ম্যাচে মেসি দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। ফ্রান্সের বিপক্ষে ফাইনালটি হয়ে ওঠে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ। মেসি করেন দুটি গোল। অতিরিক্ত সময় শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়। বিশ্বকাপ ট্রফির দিকে মেসির ধীর পদক্ষেপ, ট্রফিটিতে তাঁর চুমু এবং সেটি মাথার ওপর তুলে ধরার দৃশ্য-ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগময় ছবিগুলোর একটি হয়ে থাকবে। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা আবার বিশ্বচ্যাম্পিয়ন হয়। আর মেসির হাতে বিশ্বকাপ ওঠার মধ্য দিয়ে পূর্ণতা পায় এক অসমাপ্ত মহাকাব্য।
প্যারিস থেকে মায়ামি: যেখানে যান, ইতিহাস গড়েন বার্সেলোনা ছাড়ার পর মেসি প্যারিস সেন্ট-জার্মেইয়ের হয়ে দুটি ফরাসি লিগ ও একটি ফরাসি সুপার কাপ জেতেন। ২০২৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন। লিগের নিচের দিকে থাকা একটি দলকে অল্প সময়ের মধ্যেই বদলে দেন তিনি। অধিনায়ক হিসেবে ক্লাবটিকে এনে দেন তাদের ইতিহাসের প্রথম শিরোপা-লিগস কাপ। এরপর তাঁর নেতৃত্বে ইন্টার মায়ামি জয় করে MLS Supporters' Shield, Eastern Conference এবং MLS Cupl মেসি প্রমাণ করেছেন-মঞ্চ বদলাতে পারে, দেশ বদলাতে পারে, কিন্তু তাঁর জাদু বদলায় না।
ব্যক্তিগত অর্জনের অনন্য উচ্চতা মেসি রেকর্ড আটবার ব্যালন ডি'অর জিতেছেন-যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। তিনি ছয়বার ইউরোপিয়ান গোল্ডেন শু, তিনবার The Best FIFA Men's Player এবং দুইবার বিশ্বকাপের গোল্ডেন বল অর্জন করেছেন। বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে বেশি গোল, লা লিগার ইতিহাসে সর্বাধিক ৪৭৪ গোল এবং ২০১২ সালে এক পঞ্জিকাবর্ষে অবিশ্বাস্য ৯১ গোল-তাঁর অসংখ্য রেকর্ডের মধ্যে কয়েকটি মাত্র। তবে মেসির শ্রেষ্ঠত্ব শুধু পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। তিনি ফুটবলকে এমন সৌন্দর্য দিয়েছেন, যা গোল কিংবা ট্রফির সংখ্যা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়।
মেসি আমাদের কী শেখান? মেসির জীবন আমাদের শেখায়-শারীরিক সীমাবদ্ধতা স্বপ্নের সীমা নির্ধারণ করে না। ব্যর্থতা মানেই যাত্রার সমাপ্তি নয়। কখনো কখনো সবচেয়ে বড় বিজয়ের আগে মানুষকে সবচেয়ে কষ্টকর পরাজয় সহ্য করতে হয়। তিনি অপমানের জবাব দিয়েছেন তর্ক করে নয়, নিজের কাজের মাধ্যমে। তিনি বিশ্বজয়ের পরও থেকেছেন সেই পরিচিত শান্ত, বিনয়ী ও পরিবারকেন্দ্রিক মানুষ। মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হয়তো আটটি ব্যালন ডি'অর কিংবা বিশ্বকাপ নয়।
তাঁর সবচেয়ে বড় অর্জন হলো-তিনি কোটি কোটি মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। একদিন ফুটবল মাঠে মেসির পদচারণা থেমে যাবে। তাঁর বিখ্যাত ১০ নম্বর জার্সিটিও আর মাঠে দেখা যাবে না। কিন্তু রোজারিওর সেই ছোট্ট ছেলেটির গল্প থেকে যাবে প্রজন্মের পর প্রজন্ম। যতদিন ফুটবল থাকবে, ততদিন মানুষ বলবে-একজন ছোট্ট জাদুকর এসেছিলেন, যিনি বল পায়ে গোটা পৃথিবীকে মুগ্ধ করেছিলেন। তিনি শুধু ফুটবল খেলেননি; তিনি ফুটবলকে শিল্পে পরিণত করেছিলেন। তাঁর নাম লিওনেল মেসি-একটি নাম, একটি আবেগ, একটি অমর ইতিহাস।



