বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্বাহী নিহাদ রহমানের নেতৃত্বাধীন ক্যাটারিং প্রযুক্তি প্রতিষ্ঠান ezCater কিনতে যাচ্ছে উবার। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি অধিগ্রহণে ২ দশমিক ৩ বিলিয়ন বা ২৩০ কোটি মার্কিন ডলারের নগদ চুক্তি করেছে উবার টেকনোলজিস। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ২৮ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) অধিগ্রহণের ঘোষণা দেয় উবার। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মক্ষেত্রে খাবার সরবরাহ ও বড় আকারের করপোরেট ক্যাটারিংয়ের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায়। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে লেনদেন সম্পন্ন হবে।

ezCater-এর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা নিহাদ রহমান বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তিনি ২০২২ সালে প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান JPMorganChase ও বহুজাতিক প্রতিষ্ঠান General Electric-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

২০২৫ সালের জানুয়ারিতে ezCater-এর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব পান নিহাদ। একই বছরের মে মাসে তাঁকে স্থায়ীভাবে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তাঁর নেতৃত্বেই বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

২০০৭ সালে প্রতিষ্ঠিত বোস্টনভিত্তিক ezCater মূলত অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও করপোরেট অনুষ্ঠানের জন্য খাবার সরবরাহের ব্যবস্থা করে। প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মের সঙ্গে যুক্তরাষ্ট্রের ১ লাখ ৪০ হাজারের বেশি রেস্তোরাঁ যুক্ত রয়েছে। অফিসের সভা, প্রশিক্ষণ ও বিভিন্ন আয়োজনে বড় পরিমাণে খাবার অর্ডার করার সুবিধা পান গ্রাহকেরা।

উবারের তথ্য অনুযায়ী, গত এক বছরে ezCater-এর প্ল্যাটফর্মে মোট অর্ডারের মূল্য ২৫০ কোটি ডলার ছাড়িয়েছে। এসব অর্ডারের গড় মূল্য ৪০০ ডলারের বেশি, যা সাধারণ খাবার সরবরাহের অর্ডারের তুলনায় অনেক বেশি।

অধিগ্রহণ সম্পন্ন হলে ezCater-এর সেবাগুলো Uber Eats ও Uber for Business-এর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে উবারের বিদ্যমান গ্রাহকেরা অফিস ও বড় অনুষ্ঠানের জন্য খাবার অর্ডারের বাড়তি সুবিধা পাবেন। পাশাপাশি রেস্তোরাঁগুলোও বড় অর্ডার পাওয়ার সুযোগ পেতে পারে।

উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোসরোশাহি জানিয়েছেন, ক্যাটারিং রেস্তোরাঁগুলোর আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। ezCater-এর প্রযুক্তি ও উবারের বিস্তৃত সরবরাহব্যবস্থা একসঙ্গে কাজে লাগিয়ে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছানোর সুযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের খাবার সরবরাহের বাজারে DoorDash-এর সঙ্গে প্রতিযোগিতার মধ্যেই উবার এই চুক্তি করেছে। এর আগে প্রতিষ্ঠানটি Delivery Hero অধিগ্রহণের জন্য ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের প্রস্তাব ঘোষণা করেছিল।

আগামী কয়েক মাসের মধ্যে ezCater অধিগ্রহণ সম্পন্ন হওয়ার আশা করছে উবার। তত দিন দুটি প্রতিষ্ঠান আলাদাভাবেই কার্যক্রম পরিচালনা করবে। চুক্তিটি বাস্তবায়িত হলে বাংলাদেশি বংশোদ্ভূত নিহাদ রহমানের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি উবারের বৃহত্তর খাদ্য সরবরাহ ব্যবসার অংশ হবে।