কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মৃ/ত্যু ঘটনায় নতুন তথ্য জানিয়েছে পুলিশ। তার সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হ/ত্যা করা হয়েছে বলে দাবি করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
রোববার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে এ ধরনের তথ্য পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতিমের কাছে থাকা মায়ের আইফোনটি নেওয়ার উদ্দেশ্যেই ঘটনাটি ঘটানো হয়। জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ আরও জানিয়েছে, অপ্রতিমকে বাঁশের লাঠি দিয়ে মাথায় একাধিকবার আঘাত করা হয়।
এর আগে শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল ১৩ বছর বয়সী অপ্রতিম। এরপর সে আর বাসায় ফিরে আসেনি।
পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পর কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ের পাদদেশ থেকে তার মর/দেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর CCTV ফুটেজ, মোবাইল ফোনের তথ্য এবং অন্যান্য আলামতের ভিত্তিতে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, তদন্তে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে। সে কোটবাড়ি এলাকার বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ বলছে, তদন্ত এখনো চলমান রয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

