সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে আলোচিত মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৯তমবারের মতো পেছাল।

বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পূর্বনির্ধারিত দিন ছিল। তবে তদন্ত প্রতিবেদন আদালতে জমা না পড়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে পারেননি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নিহত হন। সাগর সে সময় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। পরদিন রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

শুরুতে শেরেবাংলা নগর থানা পুলিশ মামলাটির তদন্ত করে। পরে তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে দেওয়া হয়। এরপর হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের এপ্রিলে র‌্যাব তদন্তের দায়িত্ব পায়।

দীর্ঘ সময়েও তদন্ত শেষ না হওয়ায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবকে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন।

পরবর্তী সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের টাস্কফোর্স গঠন করে এবং পিবিআই প্রধানকে এর আহ্বায়ক করা হয়। বর্তমানে ওই টাস্কফোর্সের অধীনেই মামলার তদন্ত কার্যক্রম চলছে।

নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় টাস্কফোর্সকে একাধিকবার সময় দেওয়া হয়েছে। সর্বশেষ ২০২৬ সালের ২৬ এপ্রিল হাইকোর্ট তদন্ত শেষ করার জন্য আরও ছয় মাস সময় দেন।

দীর্ঘ ১৪ বছরের বেশি সময় ধরে আলোচিত মামলাটির তদন্ত প্রতিবেদন কবে আদালতে জমা পড়ে এবং তদন্তে কী অগ্রগতি আসে, সেদিকেই এখন সংশ্লিষ্টদের নজর।