সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যক্তি আমানতকারীদের জন্য টাকা উত্তোলনের সুযোগ আরও বাড়ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী আমানতের মূল অর্থ তুলতে পারবেন ব্যক্তি গ্রাহকেরা। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ব্যাংকটিকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পরে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন।
একই সঙ্গে আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন থাকবে না বলে স্পষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে গ্রাহকদের মধ্যে যেন কোনো অস্পষ্টতা না থাকে, সে জন্য বিষয়টি সব আমানতকারীকে পরিষ্কারভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে।
এর আগে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর ঘোষিত একটি স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়। নতুন সিদ্ধান্তের ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের অর্থ উত্তোলনের সুযোগ আরও বিস্তৃত হবে।
সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক—একীভূত করার মাধ্যমে।
চলতি বছরের জানুয়ারিতে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের ২০২৪ ও ২০২৫ সালের আমানতের মুনাফা নিয়ে কর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরবর্তী সময়ে অর্থমন্ত্রী জাতীয় সংসদে আমানতকারীদের মুনাফায় এ ধরনের কর্তন থাকবে না বলে জানান।
বাংলাদেশ ব্যাংকও এখন বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনার ফলে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।



