জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষায়িত শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার স্কুলে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স’ উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভাপতি সালেহা খান।
পরিদর্শনের শুরুতে ‘ব্লু স্কাই’ স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা ফুল দিয়ে ডা. জুবাইদা রহমানকে বরণ করে নেয়। পরে তিনি স্কুলের বিভিন্ন শ্রেণি কার্যক্রম ঘুরে দেখেন এবং শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার বিষয়ে বিস্তারিত জানেন।
এ সময় তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন থেরাপি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এর মধ্যে হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপি উল্লেখযোগ্য।
স্কুল কর্তৃপক্ষ জানায়, বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ২৮ জন শিক্ষক ও থেরাপিস্ট এসব কার্যক্রম পরিচালনা করছেন। তাদের মাধ্যমে শিশুদের শিক্ষা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনযাপনে সক্ষমতা তৈরিতে সহায়তা দেওয়া হচ্ছে।
পরিদর্শনের সময় ‘ব্লু স্কাই’ স্কুলের অধ্যক্ষ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, কারিগরি শিক্ষা, থেরাপি সুবিধা, মেডিকেল ইমার্জেন্সি ব্যবস্থা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে ডা. জুবাইদা রহমানকে অবহিত করেন।
এরপর তিনি বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির বিভিন্ন কার্যক্রমের অংশ ‘বাফওয়া কর্নার’ পরিদর্শন করেন। সেখানে বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প এবং ইন্ডাস্ট্রিয়াল হোমের কার্যক্রম সম্পর্কে জানেন।
এ সময় প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রীও দেখেন তিনি।
পরিদর্শন শেষে ‘ব্লু স্কাই’ স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে বক্তব্যে তিনি বিশেষ শিশুদের জন্য ‘ব্লু স্কাই’ স্কুলে দেওয়া সুযোগ-সুবিধার প্রশংসা করেন। পাশাপাশি নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বাফওয়ার বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন।
ডা. জুবাইদা রহমান বলেন, সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে বিশেষ শিশুরাও নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে। দলগত কার্যক্রম ও খেলাধুলা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাফওয়া কেন্দ্রীয় কমিটির সদস্যরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।