দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর সাম্প্রতিক হা/মলা, হু/মকি, হয়রানি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে প্রতিটি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও প্রমাণভিত্তিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে সম্পাদক পরিষদ বিশেষভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ অক্টোবর সাংবাদিকদের ওপর হা/মলার ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আ/হত হন।
বিবৃতিতে বলা হয়, ওই সাংবাদিকেরা কোনো পক্ষের হয়ে কাজ করছিলেন না। তারা জনস্বার্থে তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের দায়িত্ব পালন করছিলেন। তাই কোনো সংবাদ, মতামত বা সাংবাদিকের পেশাগত কাজ নিয়ে মতবিরোধ থাকলেও হা/মলা, হু/মকি বা দায়িত্ব পালনে বাধা দেওয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই।
সম্পাদক পরিষদের ভাষ্য, একজন সাংবাদিকের ওপর হা/মলা শুধু একজন পেশাজীবীর ওপর আক্রমণ নয়। এর প্রভাব পড়ে স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের ওপরও।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মামলা ও তদন্ত শুরুর বিষয়টি স্বাগত জানিয়েছে সংগঠনটি। তবে তদন্ত যেন নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও প্রমাণনির্ভর হয় এবং রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় নির্বিশেষে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হয়, সে দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।
কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস, সিপিজেও একই ঘটনায় উদ্বেগ জানিয়েছে। সংস্থাটি দ্রুত ও স্বচ্ছ তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কার্যকর বিচারিক ব্যবস্থা নিতে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। সিপিজের বক্তব্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ যেকোনো স্থানে সাংবাদিকদের ভয় বা সহিং/সতার আশঙ্কা ছাড়াই সংবাদ সংগ্রহের সুযোগ থাকতে হবে।
সম্পাদক পরিষদ মোট পাঁচটি বিষয়ে গুরুত্ব দিয়েছে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সব হা/মলা, হু/মকি ও হয়রানির দ্রুত তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, রাজনৈতিক কর্মসূচি ও বিশ্ববিদ্যালয়সহ জনসমাগমস্থলে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং দায়িত্ব পালনের সময় ভয়ভীতি বা বাধা বন্ধ করা। রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনসহ সংশ্লিষ্ট সবার কাছ থেকেও সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার প্রতি স্পষ্ট অঙ্গীকার চাওয়া হয়েছে।
সংগঠনটি আরও বলেছে, সাংবাদিকদের নিরাপত্তা কোনো বিশেষ সুবিধা নয়। একটি মুক্ত, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার জন্য এটি মৌলিক শর্ত। ভয়, হু/মকি ও সহিং/সতার পরিবেশে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশ সম্ভব নয়।
এ কারণে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।
