নেপালের রসুয়া জেলায় পাহাড় থেকে নেমে আসা ভয়াবহ কাদা ও পানির স্রোতে মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে গেছে একাধিক জনপদ। প্রবল স্রোত ভাসিয়ে নিয়েছে বসতবাড়ি, সড়ক, সেতু ও যানবাহন।

দুর্যোগে অন্তত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন শত শত স্থানীয় বাসিন্দা ও পর্যটক। নিখোঁজদের সন্ধানে বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

কাদা ও পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামো। বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতির মুখে পড়েছে। বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।

দুর্গম পাহাড়ি এলাকা ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা আরও কঠিন হয়ে উঠেছে। তারপরও ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কায় নদীতীর ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।