দীর্ঘ ১৫ বছর পর দেয়ালের আড়াল থেকে নিজের অমূল্য বই ও নথিপত্র ফিরে পেয়েছেন সিরিয়ার হোমসের বাসিন্দা আবু বিলাল। যুদ্ধের সময় নিরাপদ রাখতে লুকিয়ে রাখা তার ব্যক্তিগত পাঠাগার ফিরে পাওয়ার এই ঘটনা এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

২০১১ সালে সিরিয়ায় সংঘাত শুরু হলে অনেক মানুষ নিজেদের বাড়ি ও সম্পদ রক্ষার জন্য নানা উপায় অবলম্বন করেন। সেই সময় আবু বিলাল তার মূল্যবান বই, সাময়িকী, কিরাআতসংক্রান্ত ইজাজতনামা, একাডেমিক নথি ও ব্যক্তিগত কাগজপত্র সংরক্ষণের জন্য বাড়ির ভেতরে একটি গোপন জায়গা তৈরি করেন।

সংগ্রহগুলো নষ্ট হওয়া থেকে বাঁচাতে তিনি দেয়াল দিয়ে সেই অংশটি বন্ধ করে দেন। এরপর সংঘাত ও দীর্ঘ অনুপস্থিতির কারণে বহু বছর নিজের বাড়িতে ফিরতে পারেননি তিনি।

প্রায় দেড় দশক পর বাড়িতে ফিরে আবু বিলাল সেই গোপন জায়গার সন্ধান করেন। এরপর হাতুড়ি দিয়ে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করলে বেরিয়ে আসে তার বহু বছরের পুরোনো বই ও নথিপত্র।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দীর্ঘ সময় বন্ধ থাকার পরও সংগ্রহের বড় একটি অংশ ভালো অবস্থায় রয়েছে। বইগুলো হাতে নিয়ে আবু বিলালের আবেগঘন মুহূর্ত নজর কেড়েছে অনেকের।

এই পাঠাগার শুধু বইয়ের সংগ্রহ নয়, বরং তার ব্যক্তিগত অধ্যয়ন, গবেষণা ও জীবনের গুরুত্বপূর্ণ সময়ের স্মৃতিও বহন করছে।

যুদ্ধ ও সংঘাতের কারণে সিরিয়ার বহু মানুষের জীবন বদলে গেছে। অনেকেই হারিয়েছেন বাড়ি, সম্পদ ও প্রিয় স্মৃতি। তবে আবু বিলালের এই ঘটনা দেখিয়েছে, মানুষের জ্ঞান ও ইতিহাস ধরে রাখার চেষ্টা অনেক সময় কঠিন পরিস্থিতিকেও অতিক্রম করতে পারে।

দীর্ঘ ১৫ বছর পর ফিরে পাওয়া এই পাঠাগার এখন শুধু একটি ব্যক্তিগত সংগ্রহ নয়, বরং যুদ্ধের মধ্যেও জ্ঞান ও ঐতিহ্য রক্ষার এক মানবিক গল্প হয়ে উঠেছে।