থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। অর্থনৈতিক বৈষম্য, ক্রমবর্ধমান ঋণের বোঝা এবং পরিবেশগত সংকটের প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সং/ঘর্ষের ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারের কাছে এ ঘটনা ঘটে। সেখানে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা চলছিল। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক নীতিনির্ধারক ও আর্থিক খাতের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইএমএফ ও বিশ্বব্যাংকবিরোধী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মিছিল নিয়ে সম্মেলনস্থলের দিকে অগ্রসর হন। এ সময় তাঁদের হাতে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ঋণের চাপ, অর্থনৈতিক বৈষম্য এবং পরিবেশগত সমস্যার কারণে সাধারণ মানুষকে বাড়তি সংকটের মুখে পড়তে হচ্ছে।
আন্দোলনকারীদের একটি অংশ বিশ্বনেতাদের মুখোশ পরে বিক্ষোভে অংশ নেন। তাঁদের সঙ্গে ছিল বিশাল আকৃতির প্রতীকী অবয়বও। এর মধ্যে অর্থনৈতিক ক্ষমতা ও পুঁজির প্রভাব বোঝাতে একটি বড় গোলাপি শূকর এবং অক্টোপাসের প্রতিকৃতি ব্যবহার করা হয়।
মিছিলটি সম্মেলনস্থলের কাছাকাছি পৌঁছালে পুলিশ আন্দোলনকারীদের অগ্রযাত্রা আটকে দেয়। পরে রামা ফোর মোড়ের কাছে একটি পথচারী সেতুতে ব্যানার টানানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে কয়েকজন বিক্ষোভকারীর ধ/স্তাধ/স্তি হয়।
স্থানীয় সংবাদমাধ্যম খাওসোদ ইংলিশের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের সংগঠন পিপলস নেটওয়ার্ক অ্যাগেইনস্ট ওয়ার্ল্ড ব্যাংক-আইএমএফ পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত ব/লপ্রয়োগের অভিযোগ তুলেছে। সংগঠনটির দাবি, ব্যানার সরিয়ে নেওয়ার চেষ্টার সময় কয়েকজন আন্দোলনকারী আ/হত হয়েছেন।
সংগঠনটির আইনি দলের সদস্য আমরিন সাইচান এবং এনল ফাউন্ডেশনের প্রতিনিধিরা স্থানীয় সময় বেলা দুইটার দিকে এক বিবৃতিতে ঘটনার প্রতিবাদ জানান।
তাঁদের দাবি, বিক্ষোভ কর্মসূচির বিষয়ে আগে থেকেই সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছিল। মিছিলের পথ এবং প্রতীকী কর্মসূচি নিয়েও পুলিশের সঙ্গে আলোচনা হয়েছিল। এরপরও ব্যানার প্রদর্শনের সময় পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন তাঁরা।
আন্দোলনকারীরা ঘটনার ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকার জবাবদিহি দাবি করেছেন। তবে তাঁদের অভিযোগের বিষয়ে পুলিশের পূর্ণাঙ্গ বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মসূচির অধিকাংশ সময় বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। পুলিশের সঙ্গে সীমিত পরিসরে ধ/স্তাধ/স্তির ঘটনা ছাড়া আন্দোলনকারীরা মিছিল করেন এবং পরে কর্মসূচিস্থল ত্যাগ করেন। বিক্ষোভের কারণে আশপাশের একটি ব্যস্ত সড়কে সাময়িকভাবে যান চলাচলও ব্যাহত হয়।
বিক্ষোভকারীদের বিবৃতিতে থাইল্যান্ডের ক্রমবর্ধমান পারিবারিক ঋণ, দারিদ্র্য, পরিবেশের অবনতি এবং জলবায়ুজনিত দুর্যোগের বিষয়টি গুরুত্ব পায়। তাঁদের অভিযোগ, বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর নীতিনির্ধারণে স্থানীয় জনগোষ্ঠীর মতামত যথেষ্ট গুরুত্ব পায় না।
এদিকে ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারি ঋণ, মূল্যস্ফীতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্মেলনের আলোচনায় রয়েছে।
বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে নীতিনির্ধারকদের এই আলোচনার মধ্যেই ব্যাংককের রাস্তায় বিক্ষোভকারীরা দাবি জানিয়েছেন, অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের জীবনযাত্রা, পরিবেশ এবং সামাজিক ন্যায়বিচারকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।




