বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যাটার সোবহানা মোস্তারি।
রোববার (১৮ অক্টোবর) বিসিবির বরাত দিয়ে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি সংস্করণে নিগার সুলতানা জ্যোতির দীর্ঘদিনের নেতৃত্বের অধ্যায় শেষ হলো।
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নিগার সুলতানা। নিজের পারফরম্যান্সে আরও বেশি মনোযোগ দেওয়ার লক্ষ্যেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন তিনি।
নতুন অধিনায়ক নির্বাচনের বিষয়ে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানিয়েছেন, নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা শেষে নাহিদা আক্তারের হাতে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সোবহানা মোস্তারিকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
নাহিদাকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত সময় এসেছে বলেও মনে করছে বিসিবি। ২০২২ সালে নিগার সুলতানা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পর থেকেই সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন নাহিদা। ফলে দলের নেতৃত্বের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত রয়েছেন এই অভিজ্ঞ স্পিনার।
রফিকুল ইসলাম জানান, নাহিদা দীর্ঘ সময় ধরে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তাঁর সেই অভিজ্ঞতা বিবেচনায় এখন টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দেওয়ার সঠিক সময় বলে মনে করছে বোর্ড।
অন্যদিকে, নতুন সহ-অধিনায়ক সোবহানা মোস্তারিও দলের গুরুত্বপূর্ণ সদস্য। নতুন দায়িত্বে অধিনায়ক নাহিদার সঙ্গে সমন্বয় করে কাজ করবেন তিনি।
টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে সংস্করণে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তাঁর নেতৃত্বেই মাঠে নেমেছিল বাংলাদেশ নারী দল।
নতুন নেতৃত্বে বাংলাদেশ নারী দলের পরবর্তী প্রতিযোগিতা আইসিসি উইমেন্স এমার্জিং নেশনস ট্রফি। থাইল্যান্ডে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করার কথা রয়েছে টাইগ্রেসদের।
নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারির নেতৃত্বে নতুন এই অধ্যায়ে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দল কেমন পারফর্ম করে, এখন সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।





