সরকারি চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে ১২ ক্যাটাগরিতে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্ধারিত যোগ্যতা থাকা আগ্রহী বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাশিয়ার পদে একজন, ড্রাফটসম্যান পদে দুজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দুজন, হিসাব সহকারী পদে একজন এবং সার্ভেয়ার পদে তিনজন নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া ভারী গাড়িচালক পদে একজন, হালকা গাড়িচালক পদে একজন, ইলেকট্রিশিয়ান পদে একজন, ফটোকপি অপারেটর পদে একজন, চেইনম্যান পদে দুজন, অফিস সহায়ক পদে দুজন এবং নিরাপত্তা প্রহরী পদে একজন নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত ভিন্ন। অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে উচ্চমাধ্যমিক, কারিগরি যোগ্যতা এবং স্নাতক ডিগ্রিধারীদের জন্য বিভিন্ন পদে আবেদনের সুযোগ রয়েছে। তবে প্রতিটি পদের জন্য নির্ধারিত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত মূল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে যাচাই করতে হবে।
২০২৬ সালের ১ সেপ্টেম্বর তারিখে সাধারণ আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিশেষ ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের সময় প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দেওয়ার পাশাপাশি নির্ধারিত মাপের রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে।
অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে। আবেদন করার শেষ সময় আগামী ২৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা।
আবেদন ফি
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সার্ভিস চার্জসহ ১ থেকে ৭ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৮ থেকে ১২ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুসারে টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।
আগের আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালের ৭ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আগের আবেদনগুলো বহাল থাকবে।
তবে নতুন আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।




