মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬। ইউনিভার্সিটি মালায়ার দুটি ফুটবল মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ।

প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ক্লাব ‘বিডি এফসি মালয়েশিয়া’ এবং বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেস যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করছে। প্রতিযোগিতার বিস্তারিত জানাতে সম্প্রতি কুয়ালালামপুরের চোকিট এলাকার এসটো হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে বিডি এফসির সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন জানান, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৬ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত। রানার্সআপ দল পাবে ৩ হাজার রিঙ্গিত এবং তৃতীয় স্থান অর্জনকারী দলের জন্য থাকছে ১ হাজার ৫০০ রিঙ্গিত। অর্থ পুরস্কারের পাশাপাশি বিজয়ী দলগুলোর জন্য ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্যও থাকছে বিশেষ পুরস্কার।

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় অংশ নিতে প্রতি দলের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। টুর্নামেন্টের আয়োজন ও পুরস্কারসংক্রান্ত বিষয়গুলো সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বিডি এফসির সভাপতি রাফেজ রহমান রাসেল, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. আলী আজগর মিলন ও মো. সোহাগ আহম্মেদ, সহসভাপতি শাহাজান আলম, সাংগঠনিক সম্পাদক অপু রাইহান এবং ক্লাবটির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া স্পনসর প্রতিষ্ঠানের কর্ণধার, উপদেষ্টা, বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়েরাও অনুষ্ঠানে অংশ নেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বিডি এফসির যুগ্ম সম্পাদক যুবায়ের রহমান।

আয়োজকদের প্রত্যাশা, এ ফুটবল চ্যাম্পিয়নশিপ মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে ভূমিকা রাখবে। পাশাপাশি প্রবাসীদের মধ্যে খেলাধুলার চর্চা এবং ফুটবলের প্রতি আগ্রহও বাড়বে বলে মনে করছেন তাঁরা।