জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আন্তর্জাতিকভাবে পরিচিত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান।

স্থানীয় সময় শুক্রবার, ২৮ আগস্ট নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র পেশ করেন। এর মধ্য দিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তাঁর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

আইরিন খান মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতার অধিকারী।

২০২০ সাল থেকে তিনি জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এই ম্যান্ডেটে দায়িত্ব পালন করা তিনিই প্রথম নারী।

এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আইরিন খান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সংস্থাটির প্রথম নারী মহাসচিব ছিলেন। ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক উন্নয়ন আইন সংস্থা—IDLO-এর মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।

গত জুলাইয়ে বাংলাদেশ সরকার তাঁকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করে। তিনি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন।

নতুন দায়িত্বে আইরিন খানের দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক প্রতিনিধিত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা তৈরি হয়েছে।