রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবাদের অংশ হিসেবে রেললাইন অবরোধের পর স্টেশনের বিভিন্ন স্থানে ভা/ঙ/চু/রের ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত হয় রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে। রাজশাহী রেলওয়ে স্টেশনে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে দায়িত্বে থাকা আনসার সদস্যদের বিরুদ্ধে।
মারধরের শিকার শিক্ষার্থীর নাম আইয়ুব আলী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, আইয়ুব আলী তার চাচাকে নিতে স্টেশনে গিয়েছিলেন। এ সময় ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বে থাকা আনসার সদস্যদের কথা-কাটাকাটি হয়। পরে আইয়ুব ওই শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার প্রতিবাদে রাত ১১টার দিকে শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নেন এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী স্টেশনে আটকা পড়ে।
পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশনে অবস্থান নেন। এ সময় স্টেশন ভবন, রেলওয়ে থানা, পার্সেল অফিস, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কার্যালয়সহ বিভিন্ন স্থানে ভা/ঙ/চু/রের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পশ্চিম রেলের মহাপরিচালক আহম্মদ হোসেন মাসুম বলেন, এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠানো হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ভিডিও ফুটেজে কয়েকজন শিক্ষার্থীকে মারধরের দৃশ্য দেখা গেছে। তাদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
তিনি বলেন, কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়।
শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্টেশনে ভা/ঙ/চু/রের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। সাধারণ যাত্রীদের নিরাপত্তা ও রেল চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।