কলকাতা যাচ্ছেন? আগে হোটেল বুকিং নিশ্চিত করুন, বাংলাদেশ মিশনের সতর্কতা
কলকাতা ভ্রমণে যাওয়া বাংলাদেশি নাগরিকদের আগে থেকেই থাকার ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। শহরে কিছু হোটেল বন্ধ হয়ে যাওয়া ও আবাসন সংকটের কারণে যাত্রীদের ভোগান্তি এড়াতে এই পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কলকাতা যাওয়ার আগে হোটেলের বুকিং, থাকার জায়গার প্রাপ্যতা এবং অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। বিশেষ করে চিকিৎসার জন্য যাওয়া রোগী ও তাদের স্বজনদের আগে থেকেই আবাসনের ব্যবস্থা করে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে কলকাতার কয়েকটি হোটেল নিরাপত্তা যাচাই ও সংশ্লিষ্ট কার্যক্রমের কারণে বন্ধ থাকায় আবাসন সুবিধায় চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে বিদেশি পর্যটকসহ বাংলাদেশি যাত্রীদের ওপরও।
চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনে প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক কলকাতায় যান। তাদের বড় একটি অংশ শহরের নির্দিষ্ট কিছু এলাকায় হোটেল ও গেস্টহাউসে অবস্থান করেন।
আবাসন সংকটের কারণে অনেক যাত্রী শেষ মুহূর্তে থাকার জায়গা খুঁজতে সমস্যায় পড়ছেন। এতে বাড়তি খরচ ও ভোগান্তির আশঙ্কা তৈরি হচ্ছে।
বাংলাদেশ ডেপুটি হাইকমিশন নাগরিকদের সতর্কভাবে ভ্রমণ পরিকল্পনা করার এবং নির্ভরযোগ্য আবাসন নিশ্চিত করে কলকাতা যাওয়ার পরামর্শ দিয়েছে।
