বাংলাদেশিদের জন্য দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে নতুন এই কেন্দ্রের কার্যক্রম শুরু হবে।
দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে, নতুন কেন্দ্র চালু হওয়ার পর সাধারণ ভিসার আবেদন এবং পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত সব কার্যক্রম এককভাবে কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে পরিচালিত হবে।
নতুন কেন্দ্রটি ঢাকার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ারের দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে। কেন্দ্রের ঠিকানা প্লট ৮০, ব্লক বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা ১২১৩।
নতুন ব্যবস্থার আওতায় ভিসা আবেদনকারীদের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি এবং কবে থেকে বুকিং নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দূতাবাস আলাদাভাবে প্রকাশ করবে বলে জানিয়েছে।
তবে কূটনৈতিক নোটের মাধ্যমে নিশ্চিত হওয়া কূটনৈতিক ও অফিসিয়াল ভিসাসংক্রান্ত আবেদন এবং পাসপোর্ট ইস্যুর কাজ আগের মতোই সরাসরি দক্ষিণ কোরিয়ার দূতাবাস পরিচালনা করবে।
এ ছাড়া নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবাও দূতাবাসের মাধ্যমেই আগের নিয়মে দেওয়া হবে।
দূতাবাস জানিয়েছে, নতুন ভিসা আবেদন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন, কার্যক্রমের সময়সূচি, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নিয়ম, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
দক্ষিণ কোরিয়ার ভিসার জন্য আবেদন করতে আগ্রহীদের নতুন কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারসংক্রান্ত পরবর্তী ঘোষণা নিয়মিত অনুসরণ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
নতুন এই কেন্দ্র চালুর মাধ্যমে বাংলাদেশি আবেদনকারীদের ভিসাসংক্রান্ত সেবা আরও সুবিধাজনক, সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস।



