চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে ১১ ক্যাটাগরির ২৫টি পদে নিয়োগের আবেদন শেষ হচ্ছে আজ ১৪ সেপ্টেম্বর। ৬ থেকে ১৬ গ্রেডের এসব পদে আবেদন শুরু হয়েছিল ১২ আগস্ট সকাল ১০টায়। যোগ্য প্রার্থীরা আজ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১৫০ শয্যার হাসপাতালের জন্য প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজি–সংশ্লিষ্ট বিভিন্ন পদ রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে সিনিয়র স্টাফ নার্স পদে—১৫ জন।
কোন পদে কত নিয়োগ
সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি), গাইনি, কার্ডিওলজি, মেডিসিন, অ্যানেসথেসিয়া ও পেডিয়াট্রিক্স—প্রতিটি পদে একজন করে নেওয়া হবে। এসব পদ গ্রেড-৬-এর এবং বেতন স্কেল ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা।
এ ছাড়া একজন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে গ্রেড-৯-এ। এ পদের বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। সিনিয়র স্টাফ নার্সের ১৫টি পদসহ মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি), মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) এবং কার্ডিওগ্রাফারের পদও রয়েছে।
সিনিয়র স্টাফ নার্স এবং দুই ধরনের মেডিকেল টেকনোলজিস্টের পদ গ্রেড-১১-এর। এসব পদের বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। অন্যদিকে কার্ডিওগ্রাফার পদটি গ্রেড-১৬-এর, যার বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
আবেদন ও ফি
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন করতে হবে অনলাইনে। ১ থেকে ৭ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা, ৮ থেকে ১০ নম্বর পদের জন্য ১৫০ টাকা এবং ১১ নম্বর পদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন আবেদন গ্রহণের শেষ সময় ১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা। তাই আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের আজকের মধ্যেই নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটেও নিয়োগ বিজ্ঞপ্তি ও বিভিন্ন নিয়োগসংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়।