খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে আবেদনের চেয়ে ১ কোটি টাকা বেশি, মোট ৩ কোটি টাকা অনুদানের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে অনুমোদন দেন প্রধানমন্ত্রী। আগামী ২৫ ডিসেম্বর ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সারসংক্ষেপে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে ২ কোটি টাকা বিশেষ অনুদান দেওয়ার অনুমোদন চাওয়া হয়। বড়দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগের অংশ হিসেবে এ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল।

তবে প্রস্তাবিত ২ কোটি টাকার পরিবর্তে ৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ফলে ট্রাস্টের আবেদনের তুলনায় অনুদানের পরিমাণ বাড়ছে ১ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ অনুমোদনের তথ্য জানিয়েছেন। বরাদ্দের অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন প্রতিবছর ২৫ ডিসেম্বর উদযাপিত হয়। এ বছরও দিনটি সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।