সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে কথোপকথনের সময় এক নারীর মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। ওই নারী সরাসরি তাঁকে বলেন, ‘আগেই ভালো ছিলাম।’

ছড়িয়ে পড়া ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তির সঙ্গে বাজারের মতো একটি স্থানে রয়েছেন আসিফ মাহমুদ। এ সময় এক নারীর সঙ্গে তাঁর কথা হয়। কথোপকথনের একপর্যায়ে নারীটি ‘আগেই ভালো ছিলাম’ মন্তব্য করেন। ভিডিওতে আসিফ মাহমুদকে ওই সময় হাসিমুখে থাকতে দেখা যায়।

দেশের দ্রব্যমূল্য ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে জনমনে অসন্তোষের বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। সেই প্রেক্ষাপটে নারীর এই মন্তব্যকে ঘিরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে।