‘ক্রসফায়ার’ নিয়ে দেওয়া বক্তব্যের জেরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের অপসারণ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর মতে, শুধু ক্ষমা চেয়ে এ বক্তব্যের দায় এড়ানো যায় না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির এক মতবিনিময় সভায় নাহিদ ইসলাম এ দাবি জানান। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশপ্রধান সরকারের অনুমতি পেলে ‘ক্রসফায়ার’ করার কথা বলেছেন। এমন বক্তব্যের পর তাঁর দায়িত্বে থাকা উচিত নয়।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। এ মন্তব্যের পর সমালোচনা শুরু হয়।

পরে পুলিশ সদর দপ্তর জানায়, আইজিপি বিচারবহির্ভূত হ/ত্যা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি। তাঁর বক্তব্যের উদ্দেশ্য ছিল আইন ও সংবিধান অনুযায়ী অপরাধ দমনে পুলিশের দায়িত্ব তুলে ধরা।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আইজিপির মন্তব্য যথাযথ হয়নি। সরকার ‘ক্রসফায়ার’ কিংবা বিচারবহির্ভূত হ/ত্যা সমর্থন করে না।

সভায় নাহিদ ইসলাম পুলিশ সংস্কারের পাশাপাশি নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান। তাঁর অভিযোগ, প্রশাসনে দলীয় প্রভাব বাড়ছে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি।

এ ছাড়া পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবির প্রতি সমর্থন জানান এনসিপির আহ্বায়ক।

সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।