নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে শীতাতপনিয়ন্ত্রিত বৈদ্যুতিক ‘পিংক বাস’ সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এসব বাস পরিচালনার জন্য দক্ষ নারী চালক তৈরি করতে সম্পূর্ণ বিনামূল্যে ভারী মোটরযান চালনার প্রশিক্ষণ দেওয়া হবে।

বিআরটিসির মহাব্যবস্থাপক (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানিয়েছেন, প্রাথমিকভাবে নির্বাচিত নারী প্রার্থীদের এক থেকে চার মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে নারীদের জন্য চালক হিসেবে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি গণপরিবহনে নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর লক্ষ্য রয়েছে।

বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ মশিউজ্জামান জানান, হালকা মোটরযানের ড্রাইভিং লাইসেন্সধারী নারীদের কাছ থেকে প্রশিক্ষণের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজন অনুযায়ী দৈনিক মজুরিভিত্তিক চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। তবে চাকরি নিশ্চিত নয় এবং চূড়ান্ত নিয়োগের আগে কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না। ভবিষ্যতে স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা পূরণ সাপেক্ষে তাঁদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।

বিআরটিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বাংলাদেশের নাগরিক নারী হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে এবং উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট। অভিজ্ঞ চালকদের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিলযোগ্য। আবেদনকারীদের কমপক্ষে এক বছর ধরে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত কর্মদিবসে সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে গাজীপুরের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরাসরি উপস্থিত হয়ে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে হবে।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষার চূড়ান্ত ফলাফল ১৫ নভেম্বর বিকেলে বিআরটিসির ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশের কথা রয়েছে। পরীক্ষায় অংশ নিতে আসা প্রার্থীদের জন্য নারী হোস্টেলে বিনামূল্যে থাকার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ১৭ নভেম্বর থেকে।

বিআরটিসি জানিয়েছে, বর্তমান পিংক বাস সেবার অভিজ্ঞতার ভিত্তিতে নারীদের জন্য শীতাতপনিয়ন্ত্রিত বৈদ্যুতিক বাস চালুর মাধ্যমে সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের লক্ষ্য নারীদের নিরাপদ যাতায়াতের পরিবেশ তৈরি করা এবং দক্ষ নারী চালকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো।