লক্ষ্মীপুরে দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্য উদযাপন ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ দিতে এ আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ভূঁইয়া তপন।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা হোসাইন বলেন, শিক্ষার্থীদের অর্জন তাদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফল। তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি সাইফুল ইসলাম ভূঁইয়া তপন বলেন, আজকের কৃতী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। তিনি প্রত্যাশা করেন, শিক্ষার্থীরা জ্ঞান, চরিত্র ও আদর্শে সমৃদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, চলতি সময়ে আলেম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছেলে ও মেয়েদের পৃথক শ্রেণিকক্ষের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান ও উন্নত পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।