স্পেনের বার্সেলোনায় দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের নুমান বিন ছাবিত জামে মসজিদ শাখার আয়োজনে দুই মাসব্যাপী গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা কোর্সের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার, ৩০ আগস্ট বার্সেলোনার কেন্দ্রস্থলে অবস্থিত নুমান বিন ছাবিত জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মসজিদ কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন। উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ-সভাপতি নাজমুল ইসলামসহ কমিটির সদস্য ও দাতা সদস্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রের নাজিম হাফিজ হাসান তালুকদার রাজা ও কারি শিহাব উদ্দিন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। নাফি আলী রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
আয়োজকরা জানান, চলতি বছর নুমান বিন ছাবিত জামে মসজিদে ছয়টি শ্রেণিতে মোট ১২০ জন শিক্ষার্থী কোরআন শিক্ষা কোর্সে অংশ নেয়। তাদের পাঠদানে দায়িত্ব পালন করেন আটজন শিক্ষক।
দুই মাসব্যাপী এ কোর্সে শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত, ধর্মীয় শিক্ষা ও নিয়মিত অনুশীলনের সুযোগ দেওয়া হয়। প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানের শেষপর্বে দোয়া পরিচালনা করেন সেন্টারের প্রধান কারি হাফেজ কারি আব্দুল কাহহার। দোয়ার মাধ্যমে গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা কোর্সের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বার্সেলোনার প্রবাসী মুসলিম কমিউনিটিতে এ ধরনের শিক্ষা কার্যক্রম শিশু ও তরুণদের কোরআন শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ চর্চায় সহায়ক ভূমিকা রাখছে।