জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসীদের নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের জন্য ‘ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি’ গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপপ্রধান করা হয়েছে মনিরা শারমিনকে।
সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এ উপ-কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশকে।
এ ছাড়া ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের ডায়াস্পোরা বিষয়ক কার্যক্রমকে আরও কার্যকর করা, দলীয় কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসী কল্যাণবিষয়ক উদ্যোগ সুসংহত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
নতুন উপ-কমিটির মাধ্যমে প্রবাসীদের সঙ্গে দলের সাংগঠনিক যোগাযোগ, দলীয় কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসী কল্যাণবিষয়ক উদ্যোগ পরিচালনার কাজ এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে কমিটির ভবিষ্যৎ কর্মসূচি বা কার্যক্রম বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

