২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফল অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শনিবার সকাল ১১টায় ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কার্যালয়ে ফল প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর অনলাইনে, শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইলের এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ দেওয়া হয়।

এবারের পাসের হার গত বছরের তুলনায় ৬.৭১ শতাংশ পয়েন্ট কমেছে। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ। গত বছর ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সে হিসাবে এবার সর্বোচ্চ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। সারা দেশে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষার্থীরা https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটে ফল দেখতে পারবে। নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস, বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC DHA 123456 2026।

ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনের নিয়মাবলি ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আবেদন করার আগে নিজ নিজ বোর্ডের নির্দেশনা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।