বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয়ভাবে এসব কর্মসূচি পালন করবে দলটি।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে বিএনপির পতাকা উত্তোলন করা হবে।

একই দিন সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে যাবেন। সেখানে ফাতেহা পাঠ ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরাও আলোচনায় অংশ নেবেন।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মারক পোস্টার প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি বৃক্ষরোপণ ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচিও নেওয়া হয়েছে। এসব আয়োজনের নির্দিষ্ট সময় ও স্থান পরবর্তী সময়ে জানানো হতে পারে।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারাদেশের জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন ইউনিটকে সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ নিজস্ব কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি প্রতিষ্ঠা করেন। সেই হিসাবে ২০২৬ সালে দলটি প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করছে।