সবুজ জার্সিই পাকিস্তান ক্রিকেট দলের পরিচিতি। তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে সেই চিরচেনা রং বদলে গেছে গোলাপিতে। জার্সির এই পরিবর্তন শুধু সাজসজ্জার জন্য নয়, এর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবার্তা পৌঁছে দিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রোববার, ২৫ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচটি স্তন ক্যানসার সচেতনতার জন্য উৎসর্গ করা হয়েছে। পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত এই সিরিজে বিশেষ ম্যাচটির মাধ্যমে রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে পিসিবি।
অক্টোবর বিশ্বজুড়ে স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়, যা ‘পিংকটober’ নামেও পরিচিত। এই মাসের সঙ্গে মিল রেখে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ গোলাপি জার্সি। রোগে আক্রান্ত ব্যক্তি ও সুস্থ হয়ে ওঠা মানুষদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি স্তন ক্যানসার দ্রুত শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা নেওয়ার গুরুত্ব তুলে ধরাই এই আয়োজনের উদ্দেশ্য।
ম্যাচে শুধু খেলোয়াড়দের পোশাকেই নয়, স্টেডিয়ামের বিভিন্ন অংশেও রয়েছে এই উদ্যোগের প্রতিফলন। গোলাপি রঙের স্টাম্প ব্যবহার করা হয়েছে। গাদ্দাফি স্টেডিয়ামের বড় পর্দা ও চারপাশের এলইডি বোর্ডে প্রচার করা হচ্ছে সচেতনতামূলক বার্তা। সরাসরি সম্প্রচারের সময় ধারাভাষ্যকারদের মাধ্যমেও দর্শকদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পিসিবির ঘোষণায় বলা হয়েছে, ইংল্যান্ড দলের খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা ও ধারাভাষ্যকারদেরও গোলাপি ফিতা পরার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মাধ্যমে স্তন ক্যানসারে আক্রান্ত ব্যক্তি ও রোগ থেকে সুস্থ হয়ে ওঠা মানুষদের প্রতি সমর্থন প্রকাশ করা হবে।
এই কর্মসূচিতে পিসিবির সঙ্গে যুক্ত হয়েছে লাহোরের পিংক রিবন ব্রেস্ট ক্যানসার ট্রাস্ট হাসপাতাল। উদ্যোগের অংশ হিসেবে ২৪ ও ২৬ অক্টোবর হাসপাতালটিতে সমর্থকদের জন্য বিনামূল্যে স্ক্রিনিংয়ের ব্যবস্থার কথাও জানিয়েছে পিসিবি। পাশাপাশি ক্রিকেটারদের বিশেষ ভিডিও বার্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পরিকল্পনা রাখা হয়েছে।
পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুমাইর আহমদ সৈয়দ জানিয়েছেন, ক্রিকেটের বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে চায় বোর্ড। দ্রুত রোগ শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা নেওয়ার গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।
এর আগে ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি জার্সি পরেছিল পাকিস্তান দল। এবার ওয়ানডে ম্যাচে একই ধরনের উদ্যোগ নেওয়া হলো।
খেলার মাঠে রং বদলের এই উদ্যোগের মাধ্যমে পিসিবি দেখাতে চাইছে, ক্রিকেট শুধু প্রতিদ্বন্দ্বিতার জায়গা নয়; গুরুত্বপূর্ণ সামাজিক ও স্বাস্থ্যসংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়ারও একটি বড় মাধ্যম।





