চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে লিউ হাইশিংয়ের নেতৃত্বে ঢাকায় সফররত চীনা প্রতিনিধিদল জিয়া উদ্যানে তাঁদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আব্দুস সালাম আজাদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লিউ হাইশিং। তাঁকে স্বাগত জানান বিএনপি ও সরকারের কয়েকজন প্রতিনিধি। চীনা কমিউনিস্ট পার্টির এই নেতার সফর ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে।
সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে লিউ হাইশিংয়ের। এরপর সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং রাষ্ট্রপতির আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
বিকেল ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘Where History Illuminates the Future: China-Bangladesh Political Parties Plus’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। একই অনুষ্ঠানে ‘বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ’ উদ্বোধনের কর্মসূচিও রয়েছে। পরে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং ঢাকায় চীনা দূতাবাসের সাবেক ও বর্তমান কার্যালয় পরিদর্শনের কথা রয়েছে চীনা প্রতিনিধিদলের।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর আয়োজনে একটি নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে লিউ হাইশিংয়ের।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জীবনমান উন্নয়ন সহায়তা বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে প্রাতরাশ বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগ দলটির বিদেশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করে। লিউ হাইশিং ২০২৫ সালে এ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পান। তিনি চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটিরও সদস্য।
বাংলাদেশ ও চীনের মধ্যে রাজনৈতিক যোগাযোগ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা এ সফরের অন্যতম বিষয়। উচ্চপর্যায়ের বৈঠক ও রাজনৈতিক সংলাপের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়গুলো আলোচনায় আসতে পারে।
