ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির জন্মদিন ঘিরে অনুরাগীদের আগ্রহ থাকে বরাবরই। তবে এবার জমকালো আয়োজনের বদলে দুই সন্তানকে নিয়ে ঘরোয়া ও আবেগঘন পরিবেশে বিশেষ দিনটির সূচনা করেছেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) নিজের জন্মদিনের প্রথম প্রহর সন্তানদের সঙ্গে উদ্যাপন করেন এই নায়িকা।
শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে জন্মদিনের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পরীমনি। ভিডিওতে লাল রঙের খোলা গাউন পরা অবস্থায় হাসিমুখে কেক কাটতে দেখা যায় তাকে।
এ সময় তার পাশে ছিল দুই সন্তান, ছেলে পূণ্য ও মেয়ে প্রিয়ম। কেক কাটার পর দুই সন্তান মাকে ভালোবাসায় জড়িয়ে ধরে ও চুমু দিয়ে আনন্দ ভাগ করে নেয়। ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে সন্তানদের ঘিরেই তার জীবনের বড় একটি অংশ আবর্তিত হচ্ছে।
ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন, “হ্যাপি বার্থডে টু মি!” সঙ্গে দেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্ত ও শুভানুধ্যায়ীরা মন্তব্যের ঘরে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
এর আগে দেশ-বিদেশে নানা জমকালো আয়োজনে জন্মদিন পালন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তবে এবারের উদ্যাপনের শুরুতে সন্তানদের সঙ্গে কাটানো ঘরোয়া মুহূর্তই পেয়েছে বিশেষ গুরুত্ব।



