একসময় গানের কণ্ঠ আর মঞ্চ উপস্থিতি দিয়ে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন মাইনুল আহসান নোবেল। তবে পরবর্তী সময়ে গানের চেয়ে ব্যক্তিজীবনের নানা বিতর্ক, মা/দকসংক্রান্ত ঘটনা, নারীঘটিত অভিযোগ ও মামলা-মোকদ্দমা নিয়েই বেশি আলোচনায় ছিলেন এই সংগীতশিল্পী।

এবার সেই পুরোনো অধ্যায় থেকে যেন একটু দূরেই দেখা যাচ্ছে নোবেলকে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ও সন্তানকে নিয়ে একের পর এক ছবি ও ভিডিও প্রকাশ করছেন তিনি। সেখানে গায়ক নোবেলের চেয়ে বেশি চোখে পড়ছে একজন স্বামী ও বাবাকে।

সম্প্রতি প্রকাশ করা একটি ভিডিওতে মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাতে দেখা যায় নোবেলকে। ভিডিওটি তার স্ত্রী ধারণ করেছেন বলেও জানান তিনি।

আরেকটি ভিডিওতে টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়িতে ছেলেকে গান শোনাতে দেখা যায় তাকে। সেখানে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের ‘বাবা’ গানটি গেয়ে শোনান নোবেল।

শুধু ভিডিও নয়, স্ত্রী ও সন্তানকে নিয়ে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন এই গায়ক। কখনো ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’, কখনো ‘মাই ফ্যামিলি’ লিখে প্রকাশ করা এসব ছবিতে পরিবারের সঙ্গে তার স্বাভাবিক ও আনন্দঘন সময় কাটানোর মুহূর্ত উঠে এসেছে।

নোবেলের এমন পারিবারিক পোস্টে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন তার অনেক অনুসারী। কেউ তাকে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন, কেউ আবার পরিবার নিয়ে সুন্দরভাবে জীবন গুছিয়ে নেওয়ার শুভকামনা জানিয়েছেন।

এক ভক্তের মন্তব্যে ছিল, ‘সুখী পরিবার। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো ভালো কাটুক।’ আরেকজন লিখেছেন, ‘জীবনটা এবার সুন্দর করে তিনজন মিলে গুছিয়ে নেন।’ অন্য একজনের মন্তব্য, ‘মাশাআল্লাহ ভাইয়া, আমরা আপনাকে এভাবেই দেখতে চাই।’

নোবেলের ব্যক্তিজীবন নিয়ে গত বছরও বড় আলোচনা হয়েছিল। ২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে নিজের বিরুদ্ধে করা ধ/র্ষণ মামলার বাদীকে বিয়ে করার খবর প্রকাশ্যে আসে।

এরপর থেকেই তার ব্যক্তিজীবনের নানা পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ও সন্তানকে নিয়ে নিয়মিত মুহূর্ত শেয়ার করায় সেই আলোচনা নতুন মাত্রা পেয়েছে।

তবে নোবেল নিজে এটিকে জীবনের নতুন অধ্যায় হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। সাম্প্রতিক পোস্টগুলো থেকে শুধু এটুকুই পরিষ্কার, বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি।

আর ভক্তদের বড় একটি অংশের প্রত্যাশা, ব্যক্তিজীবনের অস্থিরতা পেছনে ফেলে নোবেল আবারও নিয়মিত গানে ফিরবেন। কারণ বিতর্ক যতই তাকে ঘিরে থাকুক, তার কণ্ঠের জন্য এখনও আলাদা একটি শ্রোতাগোষ্ঠী অপেক্ষায় আছে।