বাংলাদেশে গাড়ির ব্যবসা সম্প্রসারণে আরও ১৪১ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগ করছে জাপানের টয়োটা গ্রুপের বাণিজ্যিক প্রতিষ্ঠান টয়োটা সুশো করপোরেশন। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশি সহযোগী কোম্পানি টয়োটা বাংলাদেশ লিমিটেডে এ অর্থ বিনিয়োগ করবে। এতে কোম্পানিটির মূলধন বেড়ে দাঁড়াবে ৬০৪ কোটি ১০ লাখ টাকা।
৩০ অক্টোবর জাপানের পুঁজিবাজারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিনিয়োগের তথ্য জানায় টয়োটা সুশো। ১ নভেম্বর দ্য ডেইলি স্টার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
গাড়ির ব্যবসা সম্প্রসারণে বাড়তি অর্থ
টয়োটা সুশো করপোরেশন জাপানের টয়োটা গ্রুপের বাণিজ্যিক ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান। বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠান টয়োটা বাংলাদেশ গাড়ি ও খুচরা যন্ত্রাংশ আমদানি, পাইকারি ও খুচরা বিক্রি এবং বিক্রয়োত্তর সেবা নিয়ে কাজ করছে।
২০২৫ সালের আগস্টে প্রতিষ্ঠিত টয়োটা বাংলাদেশকে কেন্দ্র করে দেশে তাদের গাড়ি ও পরিবহনসংশ্লিষ্ট ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
নতুন বিনিয়োগের পুরো অর্থ কোন কোন খাতে ব্যয় করা হবে, সে বিষয়ে টয়োটা সুশোর ৩০ অক্টোবরের ঘোষণায় নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই বিনিয়োগের ফলে টয়োটা বাংলাদেশ তাদের গুরুত্বপূর্ণ সহযোগী প্রতিষ্ঠানের মর্যাদা পাবে।
বাংলাদেশে গাড়ি তৈরির পরিকল্পনাও রয়েছে
শুধু গাড়ি আমদানি ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না টয়োটা। বাংলাদেশে গাড়ি উৎপাদনের সম্ভাবনা নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।
গত ৬ অক্টোবর টয়োটা সুশোর ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন জানান, টয়োটা ২০২৭ সালে একটি অর্থনৈতিক অঞ্চলে হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি (এইচইভি) উৎপাদনকেন্দ্র স্থাপনের কাজ শুরু করার পরিকল্পনা জানিয়েছে। ২০২৯ সালে পূর্ণমাত্রায় উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে।
ঢাকা ও চট্টগ্রামে সেবা সম্প্রসারণ
বাংলাদেশে টয়োটার বিক্রয়, যন্ত্রাংশ সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা বাড়ানোর উদ্যোগও রয়েছে। এর অংশ হিসেবে ঢাকা ও চট্টগ্রামে গাড়ি বিক্রি, মেরামত ও খুচরা যন্ত্রাংশের জন্য দুটি বিশেষায়িত কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা আগেই জানানো হয়েছে।
পাশাপাশি দেশের বিভাগীয় শহরগুলোতে টয়োটার বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল।
বাংলাদেশে গাড়ির বাজার সম্প্রসারণ এবং ভবিষ্যতে স্থানীয় উৎপাদনের পরিকল্পনার মধ্যে নতুন বিনিয়োগের ঘোষণা এসেছে। তবে ১৪১ কোটি ২০ লাখ টাকার এই বিনিয়োগ সরাসরি গাড়ি উৎপাদন কারখানার জন্য কি না, তা এখনো স্পষ্ট করেনি টয়োটা সুশো।
